অসীম দত্ত, কৈলাসহর
গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্য ও পুষ্টি পরিষেবা পৌঁছে দিতে আরও তৎপর হয়ে উঠেছে উনকোটি জেলা প্রশাসন। সরকারি স্বাস্থ্য ও শিশু কল্যাণমূলক প্রকল্পগুলির বাস্তব চিত্র খতিয়ে দেখতে এবং পরিষেবার মান যাচাই করতে বৃহস্পতিবার চন্ডিপুর আরডি ব্লকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবা কেন্দ্র পরিদর্শনে যান উনকোটি জেলার জেলাশাসক ও সমাহর্তা ডঃ তমাল মজুমদার (আইএএস)। প্রশাসনের এই সক্রিয় উদ্যোগকে এলাকাবাসী অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।
পরিদর্শনকালে জেলাশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন কৈলাসহরের মহকুমা শাসক বিপুল দাস, চন্ডিপুর ব্লকের বিডিও দেবপ্রিয়া দাস সহ জেলা সমাজ শিক্ষা পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা । প্রশাসনিক দলটি প্রথমে চন্ডিপুর, রাংরুং ও সরোজিনী অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করেন। প্রতিটি কেন্দ্রে গিয়ে শিশুদের জন্য সরবরাহ করা পুষ্টিকর খাদ্যের গুণমান, রান্নার পরিবেশ, স্বাস্থ্যবিধি, শিশুদের উপস্থিতি এবং সামগ্রিক পরিষেবার পরিস্থিতি খুঁটিয়ে দেখা হয়।
শুধু তাই নয়, শিশুদের টিকাকরণ সংক্রান্ত নথিপত্রও বিস্তারিতভাবে পরীক্ষা করেন আধিকারিকরা। কোনও শিশু টিকাকরণ কর্মসূচির বাইরে রয়ে গেছে কিনা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে কিনা এবং মা ও শিশুদের জন্য চালু সরকারি প্রকল্পগুলির সুবিধা সঠিকভাবে পৌঁছচ্ছে কিনা, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দিয়ে খোঁজ নেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, শিশুদের সুস্বাস্থ্য, পুষ্টি এবং শতভাগ টিকাকরণ নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। সেই লক্ষ্য সফল করতে নিয়মিত নজরদারি ও তদারকি চালিয়ে যাওয়া হবে।
অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনের পর প্রশাসনিক দল কৈলাসহরের হলাইছড়ায় অবস্থিত নিশিরঞ্জন নন্দিতা মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন। সেখানে চিকিৎসা পরিষেবার মান, রোগীদের জন্য উপলব্ধ সুযোগ-সুবিধা, ওষুধ সরবরাহ ব্যবস্থা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামোগত প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখা হয়। স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের অভিজ্ঞতা ও মতামতও শোনেন আধিকারিকরা।
পরিদর্শনের সময় জেলাশাসক সংশ্লিষ্ট আধিকারিকদের কড়া নির্দেশ দিয়ে বলেন, প্রত্যন্ত এলাকার মানুষ যাতে সময়মতো স্বাস্থ্য পরিষেবা ও পুষ্টিকর খাদ্যের সুবিধা পান, তা নিশ্চিত করতে হবে। কোনও ক্ষেত্রেই পরিষেবার ঘাটতি বা গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও তিনি স্পষ্ট বার্তা দেন। তিনি আরও বলেন, শিশু, মা ও সাধারণ মানুষের সার্বিক কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য এবং সেই উদ্দেশ্য পূরণে প্রশাসন নিরলসভাবে কাজ করে চলেছে।
এই পরিদর্শনের মাধ্যমে উনকোটি জেলা প্রশাসন স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে স্বাস্থ্য, পুষ্টি ও শিশু কল্যাণমূলক প্রকল্পগুলির বাস্তবায়নে কোনওরকম শৈথিল্য মেনে নেওয়া হবে না। জেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত উন্নত পরিষেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও নিয়মিত মাঠপর্যায়ে নজরদারি চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন জেলাশাসক ডঃ তমাল মজুমদার।
No comments:
Post a Comment